ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা ও সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা দেশের সীমানায় প্রবেশের চেষ্টা করা মাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যর্পণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক
প্রতিমন্ত্রী জানান, বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে ঢাকা। দণ্ডিত আসামি হিসেবে নয়াদিল্লি তাকে ফেরত পাঠাবে বলে বাংলাদেশ আশা করছে। তবে তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে তিনি উল্লেখ করেন। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ঢাকা এমন একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, যেখানে বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন থাকবে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে গত এপ্রিলে নয়াদিল্লি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।
রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্প্রতিক সহিংসতা
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জাতিসংঘের তথ্যমতে, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। পরবর্তীতে বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয় এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করলেও সরকার তা নাকচ করে দেয়।
এদিকে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে চলতি মাসে আওয়ামী লীগের সমর্থকদের সপ্তাহব্যাপী কর্মসূচি ও ১৯ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে দেশের অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই সহিংসতাকে দলটির ‘টিকে থাকার কৌশল’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিপরীতে, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী চলমান এই অস্থিতিশীলতার জন্য বর্তমান সরকারকেই দায়ী করেছেন।
রোহিঙ্গা সংকট ও কূটনৈতিক অবস্থান
সাক্ষাৎকারে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর পরিচালিত অভিযানকে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা’ হিসেবে রায় দেওয়ার পর মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়েছে ঢাকা। শামা ওবায়েদ বলেন, এই রায় বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে ন্যায়বিচারের লড়াইয়ে শক্তি জোগাচ্ছে এবং যেহেতু মিয়ানমারই এই সংকট সৃষ্টি করেছে, তাই সমাধানও তাদেরই করতে হবে। তবে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া নতুন করে জটিলতার মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


মন্তব্য