নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যেই নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জড়ো হন। আট দফা দাবির সমর্থনে ‘বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচি’ লেখা ব্যানার নিয়ে তারা একটি মিছিল বের করেন। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করেন।
প্রায় ১০ মিনিট স্থায়ী এই মিছিলের একপর্যায়ে নেতাকর্মীরা নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে অবস্থান নেন। সেখানে তারা ভবনের প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসের বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বাইরে বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা মাহবুবুল কবির জানান, তবে কর্মচারীদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


মন্তব্য