ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে দেশে পয়েন্ট অব প্রেজেন্স (পপ) স্থাপন, আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ এবং স্থানীয় ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের সঙ্গে বিনা মাশুলে ডেটা আদান-প্রদানের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি মেটার পক্ষে ‘এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড’ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে এ বিষয়ে লিখিত অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫-এর আওতায় তিনটি বিষয়ে এই অনুমোদন চাওয়া হয়েছে। চিঠিতে স্পষ্ট করা হয়েছে, পুরো টেলিযোগাযোগ খাতের লাইসেন্স থেকে অব্যাহতি নয়, বরং কেবল নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্যই এই অনুমতি চাওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মেটার স্থানীয় কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দেশীয় পেমেন্ট ব্যবস্থা চালুর আলোচনা সফল হলে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে কনটেন্ট বুস্ট ও বিজ্ঞাপনের বিল পরিশোধের পথ খুলতে পারে।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। দেশে মেটার নিজস্ব অবকাঠামো স্থাপিত হলে ব্যবহারকারীরা যেসব কনটেন্ট দেখেন, সেগুলো দেশেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে অন্য দেশের ইন্টারনেট ট্রাফিক ব্যবহারের প্রয়োজনীয়তা কমবে। পাশাপাশি স্থানীয় কার্যালয় স্থাপন এবং মেটার প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও এটি প্রাথমিক ধাপ হতে পারে বলে মনে করেন মন্ত্রী।
লাইসেন্স ছাড়াই অবকাঠামো স্থাপনের প্রস্তাব
সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাটের তথ্যমতে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৭১ লাখ, যা ২০১৯ সালে ছিল প্রায় ৩ কোটি। বিপুল এই ব্যবহারকারী ও বড় বিজ্ঞাপনের বাজার থাকলেও দেশে মেটার পূর্ণাঙ্গ কার্যালয় নেই।
মেটা স্থানীয় অংশীদারদের মাধ্যমে ক্যারিয়ার-নিউট্রাল ডেটা সেন্টার বা তৃতীয় পক্ষের অবকাঠামোতে নিজস্ব পপ সরঞ্জাম স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অনুমতি চেয়েছে। তবে এর জন্য প্রচলিত টেলিযোগাযোগ লাইসেন্স নিতে চায় না তারা। এ ছাড়া সাবমেরিন কেব্লের ল্যান্ডিং স্টেশন, আন্তসীমান্ত স্থলভিত্তিক নেটওয়ার্ক ও টেরেস্ট্রিয়াল ব্যাকহলের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্রে আলাদা ইন্টারকানেকশন লাইসেন্স বা অতিরিক্ত নিয়ন্ত্রক অনুমোদনের বাধ্যবাধকতা না রাখার নিশ্চয়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।
সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। দেশে মেটার নিজস্ব অবকাঠামো স্থাপিত হলে ব্যবহারকারীরা যেসব কনটেন্ট দেখেন, সেগুলো দেশেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে অন্য দেশের ইন্টারনেট ট্রাফিক ব্যবহারের প্রয়োজনীয়তা কমবে। পাশাপাশি স্থানীয় কার্যালয় স্থাপন এবং মেটার প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও এটি প্রাথমিক ধাপ হতে পারে বলে মনে করেন মন্ত্রী।
বিনা মাশুলে ডেটা আদান-প্রদান ও বিনিয়োগ পরিকল্পনা
দেশের আইএসপি, আইআইজি এবং মোবাইল অপারেটরদের সঙ্গে ‘সেটেলমেন্ট-ফ্রি পিয়ারিং’ বা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিনা মাশুলে সরাসরি ডেটা আদান-প্রদানের অনুমতি চেয়েছে মেটা। এতে কমিশনের নির্ধারিত চুক্তিপত্র বা পৃথক নিবন্ধনের বাধ্যবাধকতা না রাখার অনুরোধও জানানো হয়েছে। মেটার দাবি, এতে ডেটা আদান-প্রদানে বিলম্ব (ল্যাটেন্সি) কমবে এবং গ্রাহকেরা দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পাবেন।
চিঠিতে মেটা উল্লেখ করেছে, বাংলাদেশে এজ নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে বড় অঙ্কের মূলধনি বিনিয়োগ প্রয়োজন হবে। তবে বিনিয়োগ চূড়ান্ত করার আগে বিটিআরসির কাছ থেকে সুস্পষ্ট আইনগত নিশ্চয়তা চায় তারা। চিঠিতে বিনিয়োগের পরিমাণ, স্থান বা সময়সীমা নির্দিষ্ট করা হয়নি।
সাশ্রয় হবে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের খরচ
বিটিআরসির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ ১১ হাজার ৬৫৩ দশমিক ৬৮ জিবিপিএস আন্তর্জাতিক ব্যান্ডউইডথ আমদানি করেছে, যার প্রায় এক-চতুর্থাংশই ব্যবহৃত হয় মেটার প্ল্যাটফর্মগুলোতে। বর্তমানে অধিকাংশ কনটেন্ট ভারতের ডেটা সেন্টার থেকে আসায় আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হয়।
দেশে মেটার পপ স্থাপিত হলে স্থানীয়ভাবে কনটেন্ট সরবরাহ বাড়বে, ফলে ব্যান্ডউইডথ আমদানির খরচ কমবে এবং ফেসবুক-ইনস্টাগ্রামে ভিডিও বা লাইভ দেখার গতি বাড়বে।
প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির মনে করেন, মেটার এই বিনিয়োগ দেশের ডিজিটাল অবকাঠামো খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর মতে, মেটা যদি কেবল নিজেদের কনটেন্ট ও সেবা সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং স্থানীয় আইএসপি বা ট্রান্সমিশন ব্যবসায় না নামে, তবে দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে কোনো বৈষম্য তৈরি হবে না; বরং স্থানীয় ডেটা সেন্টার ও ট্রান্সমিশন কোম্পানিগুলোর ব্যবসার নতুন সুযোগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে।


মন্তব্য