এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হলেও নতুন কাঠামোয় বেতন পাচ্ছেন না তারা। নবম জাতীয় পে স্কেলের আওতায় বেতন-ভাতা কার্যকর করতে প্রয়োজনীয় পৃথক গেজেট এখনো না আসায় আগের স্কেলেই বিল সাবমিট করতে হচ্ছে। এতে নবম পে স্কেলের সুবিধা পেতে শিক্ষক-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের জনবলকে নবম পে স্কেলের আওতায় আনতে হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আলাদা গেজেট বা আদেশ জারি করা জরুরি। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ইতোমধ্যে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানিয়েছেন, এমপিওভুক্তদের জন্য আলাদা পে স্কেল গেজেট এখনো জারি হয়নি। এ কারণে চলতি নভেম্বর মাসের বেতন বিল পুরনো স্কেল অনুযায়ীই দাখিল করতে হবে।
অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট প্রকাশিত হওয়ার পর বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশনসহ আনুষঙ্গিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে। প্রয়োজনীয় সব ধাপ নির্বিঘ্নে শেষ হলে আগামী ডিসেম্বর মাস থেকে শিক্ষক-কর্মচারীরা নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


মন্তব্য