মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মুখে বৃহস্পতিবার গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৭৯টি তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ২০টি কারখানায়। সকালে গাজীপুরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
গাজীপুরের পরিস্থিতি
গাজীপুর শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেন। এতে প্রায় ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে শিল্প পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। ভোগড়া বাইপাস এলাকাতেও শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিচ্ছিন্ন অসন্তোষের জেরে আজ গাজীপুরে ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি) ও ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছে। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
সাভার ও আশুলিয়ার চিত্র
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে সাভার ও আশুলিয়ায় আজ ২৯টি কারখানা বন্ধ রয়েছে এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি চলছে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সকাল সোয়া ৯টার দিকে জানান, ১৭টি কারখানার শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কর্মবিরতি পালন করছেন। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানার ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা গেছে।
সার্বিক বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। তবে পোশাকশিল্পে স্থায়ী স্থিতিশীলতা ফেরাতে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের কোনো বিকল্প নেই।


মন্তব্য