সরকারি নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারির মধ্যেও ভারতে পাকিস্তানি নাটক ঘিরে দর্শকদের উন্মাদনা থামছে না। সম্প্রতি দেশটির রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তানি প্রেমের ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জনকে নিয়ে ব্যক্তিগত পরিসরে আয়োজনটির পরিকল্পনা থাকলেও তাতে অংশ নিতে ৭০০ জনের বেশি মানুষ আগ্রহ প্রকাশ করে বসেন।
গোয়েন্দা নজরদারি ও প্রদর্শনী বাতিল
ভারতে অন্যান্য পাকিস্তানি গান ও অনুষ্ঠানের মতো ‘দার-এ-নিজাত’ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তবু প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে নাটকের দৃশ্য আদান-প্রদান, পর্ব বিশ্লেষণ ও চরিত্র নিয়ে আলোচনায় মেতে উঠছেন ভারতীয় দর্শকরা। এমনকি বিভিন্ন শহরে দলবদ্ধভাবে নাটক দেখার আয়োজনও চলছে। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এমন দুটি প্রদর্শনীর প্রচারণার পোস্টার নজরে আসার পর তা বাতিল করে কর্তৃপক্ষ। তবে এসব পদক্ষেপেও নাটকটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
নাটকের কেন্দ্রীয় চরিত্র আবু বকরকে ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে বিশেষ ক্রেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জনপ্রিয় স্লোগান—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’—এখন এই উন্মাদনার প্রতীকে পরিণত হয়েছে। বেঙ্গালুরুর এক দর্শক রাখশান্দা মুজিব বলেন, সহমর্মী চরিত্র হিসেবে আবু বকর দর্শকদের মুগ্ধ করেছে, যা বর্তমান সময়ে অনেকের মাঝেই অনুপস্থিত।
নিষেধাজ্ঞার ইতিহাস ও প্রযুক্তির প্রভাব
গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও পরিবেশনার ওপর অনানুষ্ঠানিক কড়াকড়ি বাড়লেও ২০২৫ সালের এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর পরিস্থিতি বদলে যায়। ওই ঘটনার জেরে চার দিনের সংঘাতের পর জাতীয় নিরাপত্তার যুক্তিতে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করে নয়াদিল্লি। চলতি সপ্তাহে নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি ভারতে বন্ধ করার দাবিও উঠেছে।
তবে বিশ্লেষকদের মতে, চীনের মতো নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় ইউটিউব বা সামাজিক মাধ্যমে ভৌগোলিক নিষেধাজ্ঞা দিয়ে দর্শকদের পুরোপুরি আটকে রাখা যাচ্ছে না। ভিপিএন বা প্রক্সি ব্যবহার করে অনেকেই সহজেই কনটেন্ট দেখছেন। টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে পাকিস্তানি কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে যায়।
ব্যবসায়িক সুফল ও জনপ্রিয়তার কারণ
দর্শকদের এই ভিপিএন ব্যবহার নাটকটির সম্প্রচারকারী প্রতিষ্ঠান এআরওয়াই ডিজিটালের মতো চ্যানেলগুলোর জন্য ব্যবসায়িকভাবে লাভজনক হয়ে উঠেছে। এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজা জানান, তাঁদের চ্যানেলের মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশই আসে ভারত থেকে। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মতো নাটকও ভারতে ব্যাপক সাড়া ফেলেছিল।
সাংস্কৃতিক সাদৃশ্য ও নির্মাণশৈলীর উন্নতির পাশাপাশি চরিত্র উপস্থাপনের ধরনও দর্শকদের টানছে বলে মনে করেন আবু সুফিয়ান খান। তাঁর মতে, ‘দার-এ-নিজাত’-এ মুসলিম চরিত্র বা ধর্মীয় অনুষঙ্গকে বাঁধাধরা বা লোকদেখানো ছাঁচে না ফেলে বরং স্বাভাবিক, সংযত ও অন্তর্ভুক্তিমূলকভাবে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করছে।
সীমান্ত পেরিয়ে সাংস্কৃতিক সেতুবন্ধন
নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা মনে করেন, ডিজিটাল মাধ্যমে কনটেন্ট সহজলভ্য হওয়ায় সীমান্তের ওপারের মানুষ একে অপরকে জানার সুযোগ পাচ্ছেন এবং পুরোনো বাঁধাধরা ধারণাগুলো ভাঙছে। পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়াও বলেন, অতীতে যেমন নিষেধাজ্ঞা সত্ত্বেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউড পাকিস্তানে জনপ্রিয় হয়েছিল, তেমনি আধুনিক প্রযুক্তির যুগে সাংস্কৃতিক আদান-প্রদান পুরোপুরি রোধ করা কঠিন। তাঁর মতে, রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও সংস্কৃতি দুই দেশের মানুষের মাঝে এক ধরনের যোগসূত্র তৈরি করে চলেছে।


মন্তব্য