জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ বা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি এবং আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে যথারীতি মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। পরে শুটিংয়ের জন্য ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য তাঁকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে অন্যদের সহায়তায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপনচিত্র থেকে পর্দার প্রিয় মুখ
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরবর্তীতে ফারুকীর আলোচিত রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। ২০০৭ সালে প্রচারিত এই নাটকে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেলের সঙ্গে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল।
ছোট পর্দায় একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত মুখ ছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ এবং ‘নিমন্ত্রণ রইল সবার’।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন সোহেল খান। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছাড়াও ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ এবং ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় গ্যারেজের মালিকের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি। সংস্কৃতিমনা এই অভিনেতা ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে বলেছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও অভিনয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য