গ্রামের প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়েছে। রাতের কুয়াশা ভোরের শিশির সেই কথাই বলছে। এই মওসুমকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে কতশত আয়োজন। বাহারি সেসব আয়োজনের প্রধান উৎস্য খেজুরগুড়। গাছিরাও রিতিমতো ব্যস্ত হয়ে পড়েছেন খেজুর রস সংগ্রহের কাজে। চলতি শীত মওসুমজুড়ে নাটোর জেলা ১১৫ কোটি টাকার খেজুরগুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, রাজশাহী অঞ্চলের চারটি জেলায় রস দেওয়ার মতো উপযোগী গাছের সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৫০০টি। এর মধ্যে রাজশাহী জেলায় ১১ লাখ ১২ হাজার ১০৬, নওগাঁয় ১৬ হাজার এবং চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫০টি খেজুর গাছ রয়েছে। এরমধ্যে নাটোরেই রয়েছে ৪ লাখ ১৯ হাজার ৩৫০টি গাছ।

চলতি শীত মৌসুমে নাটোর জেলায় ৪ লাখ ১৯ হাজার খেজুর গাছ থেকে ৭ হাজার মেট্রিক টন বা ১১৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
— -কৃষি বিভাগ

খোঁজ নিয়ে জানা গেছে- শীতের শুরু থেকে শেষ পর্যন্ত ৭৫ দিন খেজুর রস সংগ্রহের জন্য ধরা হয়। এই সময়ে জেলাজুড়ে অন্তত ৫০ হাজার মানুষ এসব গাছ থেকে খেজুরের রস সংগ্রহ, গাছের পরিচর্যা এবং গুড় তৈরিতে যুক্ত থাকেন।

গাছ কমায় কমেছে উৎপাদনও

কৃষি অফিসের পরিসংখ্যান মতে- ২০১৯ সালে এই অঞ্চলে রস দেওয়ার উপযোগী গাছের সংখ্যা ছিল ১৭ লাখ ৪৩ হাজার ৩৬৬টি। গত ৫ বছরে সেই গাছ কমে ১৭ লাখ ১ হাজার ৫০৬ টিতে নেমে এসেছে। অর্থাৎ এই সময়ে ৮১ হাজার ৮৬৬টি খেজুর গাছ কমেছে। কমেছে গুড়ের উৎপাদনও। অথচ ৫ বছর আগে গুড়ের উৎপাদন ছিল ৩ লাখ ৬৭ হাজার ৯৯৩ মেট্রিকটন।

ওই পরিসংখ্যান বলছে- রস সংগ্রহের উপযোগী প্রতিটি গাছের রস থেকে ১৭ দশমিক ৪০ কেজি গুড় উৎপাদন হয়। গেল মওসুমে রাজশাহীতে ১৬৩ টাকা কেজি দরে ৯ হাজার ৬৪ মেট্রিকটন গুড়ের আনুমানিক বাজার মূল্য ধরা হয় ১৪৮ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ৮৬০, নওগাঁয় ১৫০ টাকা কেজি দরে ২৮০ মেট্রিকটনের দাম ৪ কোটি ২০ লাখ, নাটোরে ১২০ টাকা কেজি দরে ৭ হাজার ৭৮৪ মেট্রিকটনের দাম ৯৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার এবং চাঁপাইনবাবগঞ্জে ১৫০ টাকা কেজি দরে ১ দশমিক ৫ মেট্রিকটন গুড়ের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা। সবমিলিয়ে ২ লাখ ৯৬ হাজার ৮৪৯ মেট্রিকটন গুড়ে ২৪৬ কোটি ২৭ লাখ টাকা বাজার দর ধরা হয়।

এদিকে চলতি মওসুমে নাটোর জেলায় রস দেওয়ার উপযোগী গাছের সংখ্যা ৪ লাখ ১৯ হাজারের কথা বলছে কৃষি বিভাগ। গুড়ের উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭ হাজার মেট্রিক টন। ১৬৪ দশমিক ৯ টাকা কেজি দরে ৭ হাজার মেট্রিক টন গুড়ের দাম ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। অথচ ২০২৪ সালেও নাটোরে গুড়ের উৎপাদন ছিল ৭ হাজার ৭৮৪ মেট্রিক টন।

চিরায়ত বাংলার প্রচীন ঐতিহ্য খেজুরের গুড়

স্থানীয়রা জানান, চিরায়ত বাংলার প্রচীন এক ঐতিহ্য খেজুরের গুড়। শীতের ভোরে গ্রামীণ জনপদে খেজুরের রস সংগ্রহে বেড়িয়ে পড়েন কৃষকেরা। কুয়াশা ভেদ করে সূর্য্য উকি দেওয়ার আগেই গ্রামের বাড়ি বাড়ি মটির চুলায় সেই রস জ্বাল করে গুড় তৈরির কাজ শুরু হয়। রস থেকে নানা ধরণের পাটালী এবং ঝোলা গুড় উৎপাদন হয়ে থাকে।

কৃষিবিদ শিক্ষক জহুরুল ইসলাম বলেন, দেশজুড়ে খেজুরের রস এবং গুড়ের আলাদা খ্যাতি রয়েছে। অথচ চাহিদা পূরণে খেজুরের গাছ রোপনের মাধ্যমে গুড়ের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি কোনো উদ্যোগ দেখা যায় না। কেবলমাত্র শীত পড়লেই সামনে আসে খেজুর গাছের কথা। সুস্বাদু খেজুরের গুড় গুরুত্বপূর্ণ মিষ্টান্নর চাহিদা পূরণ করলেও এই গুড় বাণিজ্যিকরণে ব্যাপকভাবে কোনো উদ্যোগ দেখা যায় না কৃষি বিভাগের।

গাছিরা জানান, একজন গাছি প্রতিদিন প্রায় ৫০ থেকে ৫৫টি খেজুর গাছের রস সংগ্রহ করেন। শীত মৌসুমে ৭০ থেকে ৭৫ দিনে একটি খেজুর গাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কেজি গুড় পেয়ে থাকেন।

গাছি আকবর আলী, সুখেন মণ্ডল, করিম শাহ জানান, খেজুরের গুড়ের মওসুম শুরু হলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী চিনি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করে তা বাজারে বিক্রি করেন। তাছাড়া দীর্ঘদিনের পচা পাটালি এবং ঝোলাগুড় মিশিয়েও গুড় তৈরি করা হয়। এতে করে খাঁটি গুড়ের চাহিদা ব্যপাকভাবে কমে যায়। তারা চলতি মওসুমে ভেজাল গুড় ব্যবসায়ীদের প্রশাসনের নজরদারি দাবি করেন।

লালপুরে গাছ বেশি উৎপাদনও বেশি

নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, নাটোরে ৭ উপজেলায় মোট খেজুর গাছের সংখ্যা পাঁচ লাখ ২৯ হাজার ৭৩২টি। এরমধ্যে অপরিপক্ব ও কিছু গাছ কাটা পড়ায় চলতি মওসুমে রস সংগ্রহের উপযোগী গাছ ৪ লাখ ১৯ হাজারটি। এর মধ্যে দুই লাখ ৯০ হাজার ৫০০টি গাছের অবস্থান লালপুরে।

শুধু গাছের সংখ্যায় নয়, রস ও গুড় সংগ্রহের ক্ষেত্রেও এই উপজেলা এগিয়ে আছে। পরিসংখ্যান বলছে- সিংড়া উপজেলায় প্রতিটি গাছে সর্বনিম্ন ১৪০ লিটার রস থেকে ২০ কেজি, গুরুদাসপুরে ১৮০ লিটার রস থেকে ১৮ কেজি করে গুড় উৎপাদন হয়। কিন্তু লালপুরে প্রতিটি গাছ থেকে সর্বোচ্চ ২৫০ লিটার রস থেকে সর্বোচ্চ ২৫ কেজি পর্যন্ত গুড় উৎপাদন হয়ে থাকে

রাজশাহী আঞ্চলিক কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন, এই অঞ্চলের গাছিরা ইতোমধ্যে রস সংগ্রহ করে গুড় উৎপাদন শুরু করে দিয়েছেন। খেজুরের উৎপাদন এবং বিপণনের বিষয়ে তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন