—ছবি মুক্ত প্রভাত
গত পাঁচদিন ধরে বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে দিনাজপুরের ফুলবাড়ী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বয়লারের পাপ লিকেজ হওয়ায় ৫ দিন বন্ধ ছিল এই বিদ্যুৎকেন্দ্রটি।
সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন বন্ধ থাকায় তীব্র বিদ্যুৎ সংকটে পড়েছে দিনাজপুর ও রংপুর অঞ্চলের ৮ জেলার শিল্প কারখানাসহ সেচ কার্যক্রমও।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। তবে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট থেকে উৎপাদন হবে প্রতিদিন গড়ে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে, এই বিদ্যুৎ কেন্দ্রটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ইউনিট মিলে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।
এছাড়া তিন নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর মধ্যে বর্তমানে ২ ও ৩ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে।