পুলিশের মানবিকতা
মানসিক প্রতিবন্ধী বুলবুলি খাতুন ও তার ৫ মাসের কন্যা সন্তানটি পেল খবার, সাময়িক আশ্রয় ও নিরাপত্তা। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এই অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন। তাকে খোলা আকাশের নিচে থেকে সোমবার রাতে উল্লাপাড়ার হাটিকুমরুল ওভার ব্রিজের নিচে সাময়িকভাবে রাখা হয়েছে।
তাকে দেওয়া হয়েছে গরম কাপড় ও খাবার। কয়েকদিন ধরে এই প্রতিবন্ধী তার শিশু কন্যাকে নিয়ে প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে পড়ে ছিলেন। এ নিয়ে দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোষ্ট দেখে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এই অসহায় প্রতিবন্ধী নারীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
তার নিদের্শনায় পাশর্^বর্তী সলঙ্গা থানা থেকে মেয়েটিকে খোলা আকাশের নিচ থেকে সরিয়ে আপাততঃ হাটিকুমরুল ফ্লাই ওভারের নিচে থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে তাদেরকে কয়েকটি কম্বল এবং কিছু খাবার সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে মেয়েটির নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাততঃ প্রতিদিন সলঙ্গা থানা থেকে তাকে খাবার সরবরাহ ও দেখভাল করা হবে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমি এই প্রতিবন্ধী বুলবুলির বিষয়টি জানতে পারি। আপাতত সলঙ্গা থানা পুলিশের মাধ্যমে মেয়েটির সাময়িক আশ্রয়, নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই প্রতিবন্ধীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর বলে জানা গেছে। পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে।