বিএনপিকে ভোট দিতে আগ্রহী ৭০ শতাংশ ভোটার: ইএএসডির জরিপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর প্রতি জনসমর্থন দেখানো হয়েছে ১৯ শতাংশ।
বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) পরিচালিত এই জরিপের ফলাফল সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে উপস্থাপন করা হয়।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপ কার্যক্রম পরিচালিত হয়।
জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দিতে চান। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ এনসিপিকে এবং ৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া ০ দশমিক ২ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ভোট দেবেন না।
জরিপে আরও দেখা যায়, কোন দল সরকার গঠন করবে—এ প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন বিএনপি সরকার গঠন করবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ মানুষ। আর ১ শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করতে পারে।
আগামী নির্বাচনে কে বিজয়ী হবে—এমন প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ উত্তরদাতা বিএনপির বিজয়ের সম্ভাবনার কথা বলেছেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী বিজয়ী হবে। এছাড়া ১ দশমিক ৭ শতাংশ মানুষ এনসিপির জয়ের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টির বিজয়ের সম্ভাবনার কথাও জানিয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল—এমন প্রশ্ন করা হলে ৩৫ শতাংশ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। অন্যদিকে ৫ শতাংশের বেশি মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।