বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে হতে পারে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনায় নিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে করা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সম্ভাবনার কথা জানা গেছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি, তবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে আইসিসির পক্ষ থেকে আপত্তি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য প্রকাশ করেছে।
বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা—এর মধ্যে তিনটি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এর আগে রোববার ঢাকায় এক জরুরি সভায় বিসিবি সিদ্ধান্ত নেয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে সফর করবে না। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা ঝুঁকি এবং বাংলাদেশ সরকারের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি আরও জানায়, এই সিদ্ধান্তের আলোকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। বোর্ড দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাশা করছে।
বিসিবির এই অবস্থানের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। কিছুদিন আগে ‘সাম্প্রতিক পরিস্থিতির’ কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দেয়। যদিও বিসিসিআই এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ ঘিরেই এই সিদ্ধান্ত এসেছে।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে কলকাতায়। এছাড়া ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে এবারের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।