বিএনপির ধানের শীষ প্রতিক প্রার্থী মাহবুবের রহমান শামীমের মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্ধারিত সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান শামীম বলেন, “হাতিয়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হলে এই দ্বীপ উপজেলার উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের লক্ষ্যে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। হাতিয়ার মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্য আমি জনগণের দ্বারস্থ হয়েছি।”
স্থানীয় বিএনপি নেতারা জানান, মাহবুবুর রহমান শামীম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। কেন্দ্রীয় পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতা হাতিয়ার রাজনীতিতে নতুন গতি আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির জেলা বিএনপি আহবায়ক ও সদস্য সচিব সহ জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নোয়াখালী-৬ আসনে ইনশাল্লাহ্ বিএনপির প্রার্থীই বিজয়ী হবেন।
উল্লেখ্য, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া দীর্ঘদিন ধরে যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় নানা সংকটে রয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে মাঠে নামছেন বিএনপির এই প্রার্থী।
আগামী দিনে নির্বাচনী প্রচারণার মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন।