—ছবি সংগৃহিত
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। আজ শনিবার রাতে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে মো. আসাদুজ্জামানের ইস্তফাপত্রটি কার্যালয়ে আসে। এতে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা বলা হয়েছে। পদত্যাগপত্রটি আগামীকাল রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে গত ৫ নভেম্বর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেদিন তিনি বলেছিলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।’ তাঁর আজকের এই পদত্যাগের মধ্য দিয়ে সেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের পথটি আরও স্পষ্ট হলো বলে মনে করা হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পেশাগত জীবনে আইনজীবী হিসেবে সুনামের পাশাপাশি তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দেশের প্রধান আইন কর্মকর্তার এই পদত্যাগের ফলে পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন, তা নিয়ে এখন আইন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।