আসিফ মাহমুদের নামে কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রমজানুল করিম নামের এক ব্যক্তি তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার রাতে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত মোট ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রমজানুল করিম বলেন, আসিফ মাহমুদের সঙ্গে তার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। তিনি জানান, আসিফের পক্ষে কাজ করা কয়েকজন ব্যক্তি প্রয়োজনীয় ঠিকানা ও ব্যাংক ড্রাফটের অর্থ দিয়ে তার কাছে মনোনয়ন ফরম সংগ্রহ করে দেওয়ার অনুরোধ করেন। পরে তিনি ফরম সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেন।
তবে আসিফ মাহমুদের পরিবার এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। তার চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের জানা মতে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরদিন ১২ ডিসেম্বর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং নিজ হাতে থানা নির্বাচনী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর মধ্যে কুমিল্লা-৩ আসন থেকে তার পক্ষে নতুন করে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে।