ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় হেলাল উদ্দিন (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হেলাল উদ্দিন উপজেলার কাশিয়াহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং মথুরাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এরআগে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।