অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ অবস্থানে, অংশগ্রহণমূলক নির্বাচনই লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট নয়। তিনি জোর দিয়ে বলেন, সরকারের অবস্থান সম্পূর্ণ নিরপেক্ষ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটারদের উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি (ক্যারাভান)’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকার চায় এ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক, যেখানে সকল নাগরিক নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় দেড় দশক ধরে দেশে প্রকৃত অর্থে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ অবাধ নির্বাচনের অভিজ্ঞতা ছিল ২০০৮ সালে। ফলে ৩০ বছরের নিচে থাকা বিপুলসংখ্যক তরুণ আজও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাননি। আসন্ন নির্বাচন সেই শূন্যতা পূরণের একটি বড় সুযোগ।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।