কলকাতার সম্ভাব্য একাদশে মুস্তাফিজ, শক্তিশালী বোলিং আক্রমণে নাইটদের বাজি
আইপিএল ২০২৬ মৌসুমের আগে দল গঠনে বড়সড় চমক দেখিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলাম থেকে একাধিক তারকা ক্রিকেটার দলে ভিড়িয়ে স্কোয়াডকে নতুন করে সাজিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।
নিলামের সবচেয়ে আলোচিত নাম অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকে দলে নিতে কেকেআর গুনেছে রেকর্ড ২৫ কোটি টাকা। এ ছাড়া শ্রীলঙ্কার গতিময় পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি এবং বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটির বেশি টাকায় দলে নেয় কলকাতা।
নিলাম শেষে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বিশেষজ্ঞদের মতে, ইডেন গার্ডেন্সের উইকেট ও ডেথ ওভারে কাটারের কার্যকারিতা বিবেচনায় মুস্তাফিজ কেকেআরের বোলিং ইউনিটে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন।
উইকেটকিপার পজিশনে ফিন অ্যালেন ও টিম সাইফার্ট—এই দুজনের মধ্যে একজনকে একাদশে দেখা যেতে পারে। ওপেনিংয়ে নিয়মিতভাবেই থাকবেন অভিজ্ঞ সুনীল নারাইন, যিনি আইপিএল ইতিহাসে ব্যাট ও বল—দু’দিকেই কেকেআরের অন্যতম বড় ভরসা।
২০২৫ মৌসুমে দলের অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। তিনি নেতৃত্বে থাকলে তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনাই বেশি। মিডল অর্ডারে ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং ও রামনদীপ সিং কলকাতার ব্যাটিং গভীরতা বাড়াবে।
বোলিং আক্রমণে ভারতীয় পেসার হর্ষিত রানা ও বৈভব অরোরার সঙ্গে বিদেশি জুটি হিসেবে থাকবেন মুস্তাফিজ ও পাথিরানা। স্পিন বিভাগ সামলাবেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। ব্যাকআপ হিসেবে আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগীর মতো পেসারদেরও রেখেছে কেকেআর।
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য সেরা একাদশ
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), সুনীল নারাইন, তেজস্বী সিং (উইকেটকিপার), ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং, রামনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, মুস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী, মাথিশা পাথিরানা।