আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় জরুরি ব্রিফিং ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান বিশেষ অভিযানের সর্বশেষ অগ্রগতি জানাতে আজ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অগ্রগতি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে এ সংবাদ সম্মেলনে।
গত ১৩ ডিসেম্বর থেকে সারাদেশে যৌথবাহিনীর নেতৃত্বে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম সাত দিনে মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে।
এদিকে, গতকাল শনিবার রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সেখানে অংশ নেন। তারা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।