সব বাংলাদেশির বুকে বেঁচে থাকবেন হাদি: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হাদিকে আজ বিদায় জানাতে আসা হয়নি—তিনি চিরকাল সব বাংলাদেশির বুকে বেঁচে থাকবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজাপূর্ব বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, “আজ আমরা কাউকে হারাইনি। হাদি আমাদের সবার ভেতরে থাকবে, আমাদের সংগ্রামে থাকবে।”
এর আগে সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহকারে মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
শনিবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় জনস্রোত নেমে আসে। দুপুর একটার দিকে ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেটসহ আশপাশের পুরো এলাকা মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। উপস্থিত জনতা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে এলাকা মুখর করে তোলে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শহীদ ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।