বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়: দিল্লিতে হাইকমিশনের বার্তা
বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করলেও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত—এমন অবস্থানের কথা জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা মনে করেন—বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে সামগ্রিক বিষয়গুলো মূল্যায়নে সংযম, নিরপেক্ষতা ও গভীর বিশ্লেষণ জরুরি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইতিহাস বলছে—গণঅভ্যুত্থান-পরবর্তী সময় অনেক দেশেই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়। সাম্প্রতিক সময়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে এমন বাস্তবতার একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।
হাইকমিশনের বক্তব্যে জোর দিয়ে বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহে নজর রাখলেও রাজনৈতিক প্রক্রিয়া বা অভ্যন্তরীণ সিদ্ধান্তে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত থাকার নীতিতেই ভারত অটল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে কিছু বিক্ষোভকারী অভিযোগ তুলেছেন যে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের আগের সরকারের কয়েকজন নেতাকে আশ্রয় দেওয়া হচ্ছে। এসব অভিযোগের মধ্যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।