শনিবার দুপুর ২টায় ওসমান হাদির জানাজা
শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
এছাড়া সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে আজ সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হয়।