ধুনটে তিন দিন ব্যাপী ইজতেমা শুরু
বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফজরের নামাজ আদায় শেষে বগুড়া মার্কাজের মুরুব্বি মুফতি মাসিহুর রহমানের উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে ইজতেমা শুরু হয়। ইজতেমা ময়দান হাজার হাজার মুসুল্লির পদচারনায় মুখর হয়ে উঠেছে।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য মাওলানা রবিউল ইসলাম রবি বলেন, প্রতিবছর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষে এই আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও আহলে হক্ক ওলামায়ে কেরামদের অধীনে শুরায়ে নেজামের তত্বাবধায়নে ইজতেমা শুরু হয়েছে।
ইজতেমা মাঠে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন হাজার হাজার দেশি-বিদেশি মুসল্লি। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আম বয়ান অনুষ্ঠিত হচ্ছে।
ইজতেমায় দেশ-বিদেশ থেকে আগত মুরুব্বিরা তাবলিগের ছয় ওছুলের মধ্যে দাওয়াতে দ্বীনের মেহনতের ওপর গুরুত্বারোপ করে বয়ান করছেন। কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিরা বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে দিন কাটাচ্ছেন।
তবে তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি। শীত বস্ত্র মুড়ি দিয়ে ইজতেমায়ী কার্যক্রমে অংশগ্রহণ করছেন তারা। শুক্রবার ইজতেমা ময়দানে বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই ইজমেতার সমাপ্তি ঘটবে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, শন্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের লক্ষে ময়দানে কঠোর নজদারী রাখা হয়েছে। এছাড়া বিদেশী মুসুল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।