দূতাবাসের নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল অন্তর্বর্তী সরকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির হালনাগাদ চিত্র তুলে ধরে সরকার জানায়, পরিস্থিতি মোকাবিলায় সব বাহিনী প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অপরাহ্নে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক ব্রিফিংয়ে কূটনীতিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সভায় জানানো হয়, নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে বলেও কূটনীতিকদের অবহিত করা হয়। এ লক্ষ্যে বিভিন্ন দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক অংশ নেন।