ধুনটে চাচা ও ভাতিজার ২টি গরু চুরি
বগুড়ার ধুনট উপজেলায় একই বাড়ির গোয়ালঘর থেকে চাচা ও ভাতিজার ২টি গরু চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগে করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরুগ্রামের কৃষক সিরাজুল হক সাকিদার ও তার ভাতিজা রাশেদুল ইসলাম কুদ্দুস জমি চাষাবাদের পাশাপাশি গবাদিপশু পালন করেন।
অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার রাতে একই বাড়ির পাশাপাশি গোয়ালঘরে চাচা ও ভাতিজার ২টি গরু বেঁধে রেখে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন পরিবারের লোকজন। ওই রাতের কোন এক সময় দূর্বৃত্তরা গোয়ালঘর থেকে প্রায় ২ লাখ টাকা দামের ২টি গরু চুরি করে নিয়ে গেছে।
বুধবার সকালে গোয়ালঘরে গিয়ে গরু চুরির বিষয়টি টের পেয়েছেন চাচা-ভাতিজা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক সিরাজুল ইসলাম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ধুনট থানার ডিউটি অফিসার এসআই আমজাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে গরু চুরির বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।