রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ, তফসিল ঘোষণার অপেক্ষায় দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন–এর নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধিদল।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা। দুপুর ২টার দিকে ইসি প্রতিনিধিদল বঙ্গভবন ত্যাগ করলেও গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দেননি তারা।
বেলা ১১টা থেকেই বঙ্গভবনের সামনে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা, কিন্তু নির্ধারিত সময় শেষে ইসি কর্মকর্তারা নীরবেই স্থান ত্যাগ করেন।
প্রচলিত রীতির অংশ হিসেবেই তফসিল ঘোষণার আগে সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করে থাকেন।
ইসি সূত্র জানিয়েছে, আজ বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। সকাল থেকেই নির্বাচন ভবনের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।