কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে চিলমারী মহিলা ডিগ্রি কলেজের আইসিটিডি ল্যাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। এতে প্রধান অতিথি হিসেবে জেলা আইসিটি অফিসার মোঃ সাইফ বিন হাসান, বিশেষ অতিথি হিসেবে চিলমারী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিতেন্দ্র নাথ বর্মণ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহম্মেদ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আইসিটি অফিসার মোঃ সাইফ বিন হাসান বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় পেশা। বিশ্ববাজারে বাংলাদেশের তরুণ ফ্রিল্যান্সারদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে, যা দেশের জন্য একটি বড় সুযোগ।
বক্তারা মনে করেন, মানসম্মত প্রশিক্ষণ পেলে চিলমারীর বেকার যুবক-যুব নারীরা ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থারও উন্নয়ন করতে পারবেন। সরকারের উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন প্রযুক্তিগত মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তাঁরা। তাঁদের মতে, উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়নমূলক
প্রশিক্ষণ কেবল কর্মসংস্থানে সহায়তা করবে না, বরং তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার দিকেও উদ্বুদ্ধ করবে।
এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। সভাপতির বক্তব্যে ইউএনও সবুজ কুমার বসাক বলেন,‘অংশগ্রহণকারীরা যদি নিষ্ঠা ও মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন, তবে তাঁদের সামনে ফ্রিল্যান্সিং খাতে সফলতার নতুন দুয়ার খুলবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রশাসন তরুণদের প্রযুক্তিভিত্তিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
২০ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটপ্লেসে কাজের কৌশল, ক্লায়েন্ট ম্যানেজমেন্টসহ ফ্রিল্যান্সিংয়ের মৌলিক বিষয়গুলো শিখবেন। প্রশিক্ষকদের আশা, কোর্স শেষে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ-তরুণী অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারবেন।