দেশের মানুষ নির্বাচনমুখী, এ সময়ে নির্বাচন বাতিলের রিট গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেছেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ নির্বাচনমুখী। এই পর্যায়ে এসে নির্বাচন সংক্রান্ত রিটের শুনানি উপযুক্ত নয় বলে মত দিয়েছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। এ সময় আদালত বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্বাচন স্থগিত চেয়ে করা রিট গ্রহণযোগ্য নয়।
আদালত আরও বলেন, “দেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। এই সময়ে এসে নির্বাচন কার্যক্রম স্থগিত করতে চাওয়া জনস্বার্থের পরিপন্থী হতে পারে।” শুনানি শেষে আদালত রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ (নট প্রেসড) হিসেবে খারিজ করেন।
রিটকারী পক্ষের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আদালতের মনোভাব বুঝেই তিনি বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় রিটটি প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, “যেহেতু একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, এই মুহূর্তে এ ধরনের রিট নিয়ে এগোনো ঠিক হবে না বলেই আমি আবেদনটি আর চালাচ্ছি না।” এই আদেশের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান প্রস্তুতিতে আপাতত কোনো আইনি বাধা রইল না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।