“সামনের যুদ্ধটা অনেক কঠিন” ঐক্যবদ্ধ থাকার কঠোর বার্তা দিলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন রাজনৈতিক পথচলা অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ না থাকলে দেশের সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোনয়ন নিয়ে দলের ভেতরে ক্ষোভ ও অসন্তোষের গুঞ্জনের মধ্যেই তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দেন স্পষ্ট বার্তা—ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং দলীয় প্রতীক ও দেশের ভবিষ্যৎ পরিকল্পনাই অগ্রাধিকার পাবে।
তিনি বলেন, “তোমরা প্রার্থীর জন্য নও, তোমরা ধানের শীষের জন্য। এখানে ব্যক্তি নয়, মুখ্য হচ্ছে দল, উন্নয়ন পরিকল্পনা এবং দেশ।” তিনি আরও সতর্ক করে বলেন, “সামনের যুদ্ধটা অনেক কঠিন। ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তারেক রহমান আগামী দুই মাসের মধ্যে বিএনপির উন্নয়ন ভাবনা জনগণের মধ্যে পৌঁছে দিতে সক্রিয়ভাবে মাঠে কাজ করার নির্দেশ দেন।