১০ ডিসেম্বর রেকর্ড হতে যাচ্ছে সিইসির ভাষণ; ওই দিনই আসতে পারে নির্বাচনের তফসিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভাষণটি ধারণে সহযোগিতার জন্য ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার-কে নির্দেশনা পাঠানো হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ১০ ডিসেম্বর নির্বাচন ভবনেই ভাষণটি রেকর্ড করা হবে এবং তা ওই দিন বা পরদিন (১১ ডিসেম্বর) সম্প্রচার করা হতে পারে।
ইসি সূত্র জানিয়েছে, এ ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল সরাসরি সম্প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করেছিলেন। তবে এবার সরাসরি নয়, রেকর্ড করা ভাষণ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচন কর্মকর্তারা আরও জানান, তফসিল ঘোষণাসংক্রান্ত সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ১০ ডিসেম্বর সিইসি ও অন্যান্য কমিশনাররা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরই সাধারণত তফসিল ঘোষণার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সিইসির রেকর্ড করা ভাষণ সম্প্রচার এবং একই দিনে বা পরদিন তফসিল ঘোষণা করা হতে পারে।