এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোটের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাওয়া ঠেকানোর লক্ষ্যেই এই জোট গঠন করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ কেবল একটি নির্বাচনী জোট নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক জোট। জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তিকে সামনে রেখে এই জোট গঠিত হয়েছে। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটটি অংশ নেবে এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবে।