প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতের দাবি
পশ্চিম আফ্রিকার দেশ বেনিন-এ সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে একদল সশস্ত্র সেনা উপস্থিত হয়ে দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন-কে ক্ষমতা থেকে অপসারণের কথা জানিয়েছে।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল পাস্কাল টিগ্রেকে নতুনভাবে গঠিত ‘পুনর্গঠনের জন্য সামরিক কমিটি’র প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সরকার বিলুপ্তির ঘোষণাও দেয়।
বেনিন ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর একাধিক সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে। তবে ১৯৯১ সালের পর থেকে দেশটি তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে আসছিল। বর্তমানে ক্ষমতাচ্যুত বলে দাবি করা প্রেসিডেন্ট ট্যালন ২০১৬ সাল থেকে ক্ষমতায় ছিলেন এবং তার আগামী এপ্রিল পদত্যাগ করার কথা ছিল।
এদিকে বেনিনে অবস্থিত ফরাসি দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি ক্যাম্প গুয়েজো এলাকায় গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফরাসি নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ নভেম্বর গিনি-বিসাউতেও সেনাবাহিনী দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল, যা অঞ্চলজুড়ে অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।