প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসি ও চার কমিশনার; আলোচনায় নির্বাচনের প্রস্তুতি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের পাঁচ সদস্য। রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, এ বৈঠকটি মূলত সৌজন্যমূলক হলেও এতে সামগ্রিক নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গেও কমিশনের সদস্যরা সাক্ষাৎ করবেন।
সূত্র জানায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের কথা ভাবা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন শপথ গ্রহণ করে। কমিশনের অন্যান্য সদস্য হলেন আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার আহমেদ।