সাবেক জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ আটক
জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদকে রোববার রাজধানীতে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শওকত মাহমুদকে কোন জায়গা থেকে ও কোন মামলার ভিত্তিতে আটক করা হয়েছে, সে বিষয়ে শিগগির বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব ছিলেন শওকত মাহমুদ। এর আগে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।