কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত মৌসুমে আলু চাষ করে ক্ষতির মুখে পড়া কৃষকদের জন্য ভর্তুকি বা প্রণোদনা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার। এ তথ্য জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সচিবালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আলু চাষিরা চলতি মৌসুমে বড় ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। সে কারণে তাদের জন্য আর্থিক সহায়তার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, নতুন আলু বাজারে আসতে আনুমানিক দুই সপ্তাহের মতো দেরি হবে। এ সময়ের মধ্যে পুরোনো আলু বিক্রি হয়ে গেলে কৃষকরা কিছুটা স্বস্তি পাবেন। এ ছাড়া কোল্ড স্টোরেজ মালিকদের ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কৃষকরা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করতে না হয়।
ভর্তুকি দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, কীভাবে কৃষকদের সহায়তা দেওয়া যায় সে বিষয়ে নীতিগত আলোচনা চলছে।
আলু উৎপাদনের খরচ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, চলতি মৌসুমে আলু বীজের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর যেখানে প্রতি কার্টন বীজের মূল্য ছিল ৪০ থেকে ৪২ হাজার টাকা, এবার তা কমে এসেছে প্রায় ১২ হাজার টাকায়। কোথাও নির্ধারিত দামের বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।