ফাইনালের টিকিটের দাম ৬ হাজার ডলার
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়ে গেছে টিকিট কেনার দৌড়। অক্টোবরের শুরুতে প্রথম ধাপের আবেদন চালু হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই প্রায় ৪৫ লাখ ফুটবলপ্রেমী লটারির মাধ্যমে টিকিট পাওয়ার জন্য আবেদন করেছেন। যদিও এখনো পুরো মূল্যতালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি FIFA, তবু লটারিতে টিকিট পাওয়া অনেক সমর্থক অনলাইনে দাম প্রকাশ করায় বিষয়টি ব্যাপক আলোচনায় উঠে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ফাইনাল ম্যাচের টিকিটের দাম। পাওয়া তথ্য অনুযায়ী, ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২,০৩০ ডলার (প্রায় আড়াই লাখ টাকা), যেখানে সবচেয়ে দামি টিকিটের দাম ৬,০০০ ডলার (প্রায় ৭ লাখ ৩৫ হাজার টাকা)।
উদ্বোধনী ম্যাচের টিকিটও কম দামী নয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এর দাম শুরু হচ্ছে ৫৬০ ডলার থেকে এবং সর্বোচ্চ ২,২৩৫ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সাধারণ প্রবেশের টিকিট চারটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
এদিকে “হসপিটালিটি” টিকিট এখনো আনুষ্ঠানিকভাবে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, এসব প্রিমিয়াম সুবিধাসহ টিকিটের মূল্য অন্য সব বিভাগের তুলনায় অনেক বেশি হবে।
তবে সব ম্যাচের দাম আকাশচুম্বী নয়। টুর্নামেন্টের শুরুর দিকের কিছু কম জনপ্রিয় ম্যাচে সীমিত সংখ্যক ৬০ ডলার (প্রায় সাড়ে ৭ হাজার টাকা) মূল্যের টিকিটও পাওয়া যাচ্ছে।
২০২৬ ফিফা বিশ্বকাপ-এর তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে ১১ ডিসেম্বর এবং চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এ ধাপে ভক্তরা নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদন করতে পারবেন এবং পরে জানানো হবে তারা টিকিট পেয়েছেন কি না। টুর্নামেন্ট শুরুর কাছাকাছি সময়ে অবশিষ্ট টিকিট “আগে এলে আগে পাবেন” ভিত্তিতে বিক্রি করা হবে।
এবারের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে—একসঙ্গে অনুষ্ঠিত হবে, যার ফলে টিকিটের চাহিদা ও উন্মাদনা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।