উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা
জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে উল্লাপাড়াকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে নারী অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত করবো। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি শনিবার উল্লাপাড়ার একটি কনভেনশন সেন্টারে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম খান আরও বলেন, উল্লাপাড়ার সামগ্রিক উন্নয়ন তার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। সংখ্যালঘু বলে কেউ বিবেচিত হবেন না। সবাই এ দেশের নাগরিক, আর তাই সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।