চিকিৎসকদের অনুমতি মিললেই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া: ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি শেষ, এখন শুধু চিকিৎসকদের চূড়ান্ত সম্মতির অপেক্ষা—এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “চিকিৎসকেরা নিশ্চিত করলেই আমরা খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলব।”এর আগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফখরুল জানান, কাতার থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে রোববারই তাঁকে লন্ডনের একটি শীর্ষস্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
তিনি বলেন, গুরুতর শারীরিক জটিলতায় খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করছেন, তবে আরও উন্নত সেবা জরুরি হওয়ায় তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আগের আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ কারাবাস এবং বন্দিজীবনের অনুকূল পরিবেশ না থাকার কারণেই খালেদা জিয়ার বর্তমান শারীরিক সমস্যার সূত্রপাত। পরে চিকিৎসার সীমাবদ্ধতার কারণে তাঁর অবস্থা আরও জটিল আকার নেয় বলে দাবি করেন তিনি।
দেশের মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে ফখরুল বলেন, “তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন—এটা আমাদের সবারই প্রত্যাশা।”