তারেক রহমান এখনও বাংলাদেশের ভোটার নন: নির্বাচন কমিশন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম এখনও বাংলাদেশের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন বলেন, বর্তমান ভোটার তালিকায় তারেক রহমানের নাম নেই। কমিশন যদি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয় এবং তিনি আইনগত যোগ্যতা পূরণ করেন, তাহলে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ রয়েছে।”
তিনি আরও জানান, ভোটার নিবন্ধন সংক্রান্ত আইন দেশের প্রতিটি নাগরিকের জন্য একইভাবে প্রযোজ্য। বিশেষ কোনো ব্যক্তির জন্য আলাদা বিধান নেই। নাগরিকত্ব, বয়স, বাসস্থানসহ আইন নির্ধারিত শর্ত পূরণ করলেই কেউ ভোটার হতে পারেন।
ইসি সচিব বলেন, “ভোটার হওয়া একটি আইনসম্মত প্রক্রিয়া। যে শর্ত অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটিই তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি ভবিষ্যতে ভোটার হতে পারবেন।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে তার রাজনৈতিক ভূমিকা ও আইনি অবস্থা নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। তবে তারেক রহমানের ভোটার হওয়া এখনো অনিশ্চিত এবং বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে কমিশনের সিদ্ধান্ত ও তার আইনগত যোগ্যতা পূরণের ওপর।