ছবি- মুক্ত প্রভাত
গাইবান্ধার সাঘাটায় “আগাম সতর্কতা ব্যবস্থা এবং পরিবারভিত্তিক জরুরি আপদকালীন পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও “বন্যা আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার জন্য যুব দলের মধ্যে উপকরণ বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) উপজেলার ভরতখালী এলাকায় এসকেএস রিসোর্স সেন্টারে এসকেএস ফাউন্ডেশনের এসিটি প্রকল্পের আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশ-এর সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিহাদুর রহমান মওলা, স্থানীয় নেতা আকবর হোসেন, মনির হোসেন, রামইস প্রজেক্টের জায়েদ হোসেন, এবং এসকেএস এসিটি প্রকল্পের প্রজেক্ট অফিসার রেজওয়ানুল ইসলাম রুশো প্রমুখ।
প্রশিক্ষণে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীদের আগাম সতর্কবার্তা গ্রহণ ও প্রচার, দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, পরিবার ও কমিউনিটি পর্যায়ে জরুরি পরিকল্পনা প্রণয়ন এবং আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, “দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতা এবং সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য প্রত্যেক পরিবার ও স্থানীয় নেতৃত্বকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।”
প্রশিক্ষণ শেষে বন্যা আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনায় নিয়োজিত যুব দলের মধ্যে বিভিন্ন জরুরি সেবা উপকরণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
মোস্তাফিজুর রহমান