—ছবি মুক্ত প্রভাত
শনিবার বেলা ১০টার দিকে সলংগা থানা পুলিশ স্থানীয় ইসলামী উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরের পাড় থেকে আন্না রানী (৩৭) নামের এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে।
নিহত আন্না উল্লাপাড়া উপজেলার ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত দিজেন চন্দ্র দাসের স্ত্রী এবং উধুনিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার ও সলংগা থানা পুলিশ ধারনা করছেন।
নিহত আন্না রানীর ভাতিজা ইন্দ্রজিৎ দাস জানান, তার কাকিমা শুক্রবার রাতে তার ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে আর তাকে ওই ঘরে পাওয়া যায়নি। পরে তারা জানতে পারেন উল্লিখিত স্কুলের পুকুর পাড়ে আন্নার মরদেহ পড়ে রয়েছে। ইন্দ্রজিৎ কিভাবে তার কাকিমার এমন মর্মান্তিক মৃত্যু হলো তা প্রাথমিকভাবে বুঝতে পারছেন না। তবে তাকে খুন করা হয়েছে বলে তার এবং তার পরিবারের সদস্যদের ধারনা।
সলংগা থানার উপ পরিদর্শক ব্রজেশ্বর ভ্রর্মন জানান, আন্না রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উধুনিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। আন্নার গলায় একটি দাগ রয়েছে।
এতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত আন্নার পরিবার থেকে কেউ থানায় মামলা দেয়নি।