—ছবি মুক্ত প্রভাত
রাজশাহীর তাহেরপুরে দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার দুর্গাপুর রোডে বাবুল মেকারের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের নাম আকরাম সরদার (৬০)। তিনি দুর্গাপুর উপজেলার গণকৈড় গ্রামের বাসিন্দা এবং কিসমত গণকৈড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় ওষুধ কেনার জন্য বাজারে গেলে কয়েকজন দুর্বৃত্ত আকরাম সরদারের ওপর হামলা চালায়। হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটানোর পর তাকে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ক্লিনিকে নিয়ে যায়, পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।আহতের ছেলে শাহীন আলী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা সেকেন্দারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।