—ছবি মুক্ত প্রভাত
তিস্তা নদীর উপর নির্মিত ‘মাওলানা ভাসানী সেতু’ দিয়ে কুড়িগ্রাম-গাইবান্ধা’র সড়ক পথে ঢাকার বাস চলাচল করছে না। রাস্তার কাজ শেষ না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর ফলে প্রায় ১৩০ কি.মি পথ ঘুরে ঢাকা যেতে হচ্ছে—এ অঞ্চলের যাত্রী সাধারণকে। মাওলানা ভাসানী সেতুটি উদ্বোধন হলেও স্থানীয় লোকদের কাজে ঢাকার বাস না চলায় কুড়িগ্রাম জেলাবাসীর উপকারে আসছে না সেতুটি।
চিলমারী উপজেলার কম্পিউটার ব্যবসায়ী এস এম মাহমুদুল হাসান সোহান বলেন, চলতি মাসের বিশ তারিখে সেতুটি উদ্বোধন হলেও সেতুর উত্তর পার্শ্বে চিলমারী কুড়িগ্রাম অংশে সড়কের কাজ না হওয়ায় ঢাকাগামী যান চলাচল করতে পারছে না। ফলে আমাদেরকে ১৩০ কি.মি পথ ঘুরে ডাকা যেতে হয় এবং সময় ও ভাড়া বেশি লাগে।
কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতি সুত্রে জানাগেছে, কুড়িগ্রাম-গাইবান্ধা সড়ক পথে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আধা ঘন্টা পর পর লোকাল বাস চলাচল করছে।
বাস ভাড়া কুড়িগ্রাম থেকে গাইবান্ধা ১০০ টাকা, কুড়িগ্রাম থেকে মাওলানা ভাসানী সেতু ৬০ টাকা, কুড়িগ্রাম থেকে পলাশবাড়ী ১৩০ টাকা, উলিপুর থেকে গাইবান্ধা ৭০ টাকা, চিলমারী থেকে গাইবান্ধা ৫০ টাকা, চিলমারী থেকে পলাশবাড়ী ৮০ টাকা, কুড়িগ্রাম থেকে দূর্গাপুর ১৫ টাকা, কুড়িগ্রাম থেকে উলিপুর ৩০ টাকা ও কুড়িগ্রাম থেকে চিলমারী ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ত
বে সেতু উদ্বোধনের পরদিন বৃহষ্পতিবার (২১) আগস্ট থেকে কুড়িগ্রাম-গাইবান্ধা রুটে লোকাল বাস চলাচল করছে।
কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ কপিল উদ্দিন বলেন, ‘কুড়িগ্রাম-গাইবান্ধা সড়ক পথের নির্ধারিত স্পট থেকে যাত্রী ওঠানামা, নির্ধারিত ভাড়া ও উন্নত যাত্রী সেবার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা। ছোট ছোট যান বাহন চলাচল করলেও সড়কটির কাজ চিলমারীর অংশে কাজ সম্পন্ন না হওয়া বড় যান বাহন চলাচল করতে পারছে না।
এদিকে সেতু উদ্বোধন হলেও চিলমারী অংশে সেতু থেকে মাটিকাটা মোড় পর্যন্ত সংযোগ সড়কের ৭.৩ কি.মি মধ্যে প্রায় ৬ কি.মি রাস্তার কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে।
এ ঘটনায় কুড়িগ্রাম এলজিইডি’র কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা। থানাহাট কলেজ মোড় এলাকার আব্দুর রহিম দুলাল বলেন, ‘সেতুর প্রকল্পের পুরো কাজই গাইবান্ধা অংশে।
মাত্র ৬ কিলোমিটারের মতো রাস্তার কাজ করছে কুড়িগ্রাম এলজিইডি। এ অংশটুকু চিলমারীর সিমান্ত শহরের মোড় থেকে মাটিকাটা মোড় পর্যন্ত। এ সামান্য রাস্তার কাজটুকু শেষ করতে পারেনি এলজিইডি।
শরীফেরহাট এলাকার আমিনুল ইসলাম বীর বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তর সড়কের কাজের অবহেলা করায় যান বাহন চলাচলে ব্যহত হচ্ছে এবং তাদের উদাসীনতায় সংযোগ সড়কের কাজ আজও শেষ হয়নি।’
এ বিষয়ে চিলমারী উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন, ‘কাজ চলমান রয়েছে, শীঘ্রই রাস্তার কাজ শেষ হবে।’
গত বুধবার (২০ আগস্ট) দুপুরে চিলমারী-সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুর উদ্বোধন করেন অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১৪৯০ মিটার পিসি গার্ডার এ সেতু নির্মাণে ব্যয় হয় ৯’শ ২৫ কোটি টাকা।