—ছবি মুক্ত প্রভাত
জামালপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,যারা ৭১এ মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, আর এটা হয়েছে শুধু শেখ হাসিনার জন্যই।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ না হলে এই দেশের নাম বাংলাদেশ হতো না, জিয়াউর রহমান মুক্তি যুদ্ধের ঘোষণা না করলে এই ভূখন্ড হতো না।
কিন্তু বাপের সম্পত্তি বানিয়ে শেখ হাসিনা ৭১এর মুক্তিযুদ্ধকে পঁচিয়ে দিয়েছে।
আজ ২৪ এর গণঅভ্যুত্থানকে একটা শ্রেণী এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করে যাচ্ছে। সন্তান একবারই জন্মগ্রহণ করে, যে মুক্তিযুদ্ধ আমাদের মানচিত্র দিয়েছে, পতাকা এনে দিয়েছে সেটাই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না।
শনিবার (২৩ আগষ্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটা নতুন আবিষ্কার হয়েছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি হলো ভোট হবে স্বন্দীপে প্রার্থী থাকবে মালদ্বীপে।
আমাদের বাংলাদেশের মানুষ যারা ভোট দেয় তারা তাদের প্রার্থীকে দেখতে চায়। যার ভোট সে একজনকে চিনে যেনে ভোট দিবে, যাকে খুশী তাকে ভোট দিবে। পিআর পদ্ধতি মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না।
শহরের বেলটিয়া এলাকায় স্থানীয় একটি মাঠে জামালপুর জেলা বিএনপি এই ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত,সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এবারের সম্মেলনে ৭টি উপজেলা ও ৮টি পৌর শাখা বিএনপির ১ হাজার ৫শ ১৫ জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। ৯ বছর পর আয়োজিত জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পুনরায় ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।