-ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে একটি প্রাচীন জীপ গাড়ি ও একটি পুরনো ডাক বাক্স সংরক্ষণ করা হয়েছে। ১৯৮৪ সালে উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সরকারিভাবে সরবরাহ করা সবুজ রঙের জীপ গাড়িটি দীর্ঘদিন বিভিন্ন ইউএনও কর্তৃক ব্যবহৃত হয়। প্রায় ২৫ বছর ব্যবহারের পর এটি অকেজো হয়ে পড়েছিল ।
অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের উদ্যোগে গাড়িটি নতুনভাবে মেরামত ও রঙ করে উপজেলা পরিষদ চত্বরে একটি উন্মুক্ত সংরক্ষণাগারে স্থাপন করা হয়। একই সঙ্গে সংরক্ষিত হয় বাংলাদেশ ডাক বিভাগের একটি পুরনো লাল রঙের ডাক বাক্স, যা অতীতে স্থানীয় ডাক সেবার স্মারক হিসেবে ব্যবহৃত হতো।
এই সংরক্ষণাগার নির্মাণে অর্থ সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প। এই সংরক্ষণাগারের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “এই গাড়ি ও ডাক বাক্স শুধু যানবাহন বা ডাক সেবার স্মারক নয়, বরং এটি আমাদের প্রশাসনিক ও সামাজিক ঐতিহ্যের ধারক। নতুন প্রজন্ম যেন আমাদের অতীতের সঙ্গে পরিচিত হতে পারে, সেজন্যই এ সংরক্ষণের উদ্যোগ।”
উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত এই সংরক্ষণাগার ইতোমধ্যে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে নিতে এবং প্রশাসনিক ইতিহাস জানার আগ্রহে ভিড় করছেন সেখানে।