—ছবি মুক্ত প্রভাত
উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে তৈরি করা গৃহস্থের আঙ্গিনা দর্শকদের নজর কাড়ছে। বৃহস্পতিবার সকাল থেকেই নান্দনিক কন্দাল ফসলের মডেল হিসাবে বানানো এই আঙ্গিনাটিকে ঘিরে কৌতুহলী মানুষের ভিড় দেখা যায়।
এ দিন এই পরিষদ চত্বরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি মেলা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এবং উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খালিল রাহাতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ: জা: মু আহসান শহীদ সরকার, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি খাইরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান, রিফাত হোসেন ও ইয়াসিন তালুকদার রহিত উপস্থিত ছিলেন। মেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে। মেলা চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ২০২৪ এর আওতায় গৃহস্থের বাড়ির আঙ্গিনার একটি মডেল তৈরি করা হয়। এটি বেশ আকর্ষনীয়। মেলা শুরু হতেই আগত দর্শকদের নজর কাড়ে এই আঙ্গিনা।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, উপজেলার সর্বস্তরের মানুষকে বাড়ির আঙ্গিনায় অল্প জায়গায় পরিকল্পিতভাবে কন্দাল ফসল উৎপাদনে আগ্রহী করতে মেলা অঙ্গনে এই মডেল আঙ্গিনাটি তৈরি করা হয়েছে। অল্প খরচে প্রতিটি পরিবার ইচ্ছে করলে তাদের বাড়ির জায়গা পতিত না রেখে এ ধরনের ফসল চাষ করতে পারেন। এতে তাদের নিজস্ব সবজির চাহিদা পূরণ হবে।