-ছবি মুক্ত প্রভাত
একলাখ টাকার সুদ টেনেছেন ৭ বছর! অবশেষে সুদে কারবারির কাছে লাঞ্ছিতের শিকার হয়ে আলিমুল ইসল নামের এক শিক্ষকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সহকর্মীকে সুদের টাকার জন্য লাঞ্ছিত করে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় সুদে কারবারি ফারুক হোসেনকে গ্রেপ্তার ও শাস্তি দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকেরা।
শিক্ষক আলিমুল ইসলাম দিনাজপুরের বিরল উজেলার বহবলদীঘি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। চলতি মাসের ৪ ডিসেম্বর তিনি শয়ন ঘরের ডাবের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত শিক্ষকের পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের সুদে কারবারি ফারুক হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা চড়া সুদে ঋণ নিয়েছিলেন শিক্ষক আলিমুল। মাসিক ১০ হাজার টাকা সুদ বাবদ দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ পরিশোধ করে আসছিলেন। অর্থনৈতিক টানাপোড়েনে গত কয়েক মাস সুদের টাকা দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে সুদে কারবারি ফারুক হোসেন প্রকাশ্যে শিক্ষক আলিমুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এছাড়া মোবাইল ফোনে হত্যার হুমকি দেন। ক্ষোভে লজ্জায় আলিমুল ইসলাম আত্মহত্যা করতে বাধ্য হন।
ঘটনার বিচার দাবি করেছে মঙ্গলবার দুপুরে বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটসহ বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্যজোট নেতারা শিক্ষক আলিমুল ইসলামের বাড়িতে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বিরল উপজেলা শাখার আহ্বায়ক আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বিরল উপজেলার শাখার আহ্বায়ক জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্য সচিব এনায়েতুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমান শামীম, বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল, বহবলদিঘী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
শিক্ষক নেতৃবৃন্দ ৭২ ঘন্টার মধ্যে সুদে কারবারি ফারুকে গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।