—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০জন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। দুটি দুর্ঘটনাতেই দুইজন করে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয় যায়নি।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ পরিদর্শক মোঃ শফি মুক্ত প্রভাতকে জানান, পাবনা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি কোচ ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে নজরুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী বাসের সামনে চলে আসে। এসময় বাসটির গতি নিয়ন্ত্রণের চেষ্টার পরও মোটরসাইকেলের চালক বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি টিনের ঘরের সঙ্গে ধাক্কা খায়। এতে ইজিবাইকের তিন যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর একটি দুর্ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মুক্ত প্রভাতকে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকার সীমান্ত বাজারে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই মারা যান চালক আশরাফুল ইসলাম ও হেলপার রনি। নিহত চালক ও হেলপারের বাড়ি রংপুর জেলায়।