চিলমারীতে খুনের আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
কুড়িগ্রামের চিলমারীতে খুনের আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শত শত বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ মোড়ে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র ও উপজেলার মন্ডল পাড়া এলাকার আব্দুল জলিল বিডিআর এর পুত্র জোবায়ের আমিন এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, জিয়াউর রহমান জিয়া, আহসান হাবিব আপেল প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য জোবায়ের আমিনকে গত ১৯ জুলাই ২০২৪ইং গভীর রাতে হত্যা করে বহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়। অনেক খোঁজা খুজির ২দিন পর চিলমারী বন্দর পল্টনের নিচ থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে চিলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ পর্যন্ত পুলিশ আসামী গ্রেফতার করতে না পারায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিলমারী পুলিশ ফাঁরির ইনচার্জ নাজমুল হক জানান, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। অচিরেই আসামী গ্রেফতার করা হবে।