প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত বিপিএসসি’র কর্মকর্তা-কর্মচারী- ছবি মুক্ত প্রভাত
বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও দুই উপ-পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তাদেরকে গ্রেপ্তার করে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বের হয়ে আসে পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁসে জড়িত।

অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন মানুষ।
বেসরকারি টিভি চ্যানেলটির প্রতিবেদন অনুযায়ী প্রশ্নফাঁসে জড়িতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) উপপরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, অফিস সহায়ক খলিলুর রহমানসহ ১৭ জন।